ঋণ খেলাপি হওয়ার অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।
আপিল বিভাগের এই রায়ের ফলে আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না এবং তিনি শপথ গ্রহণ করতে পারবেন না। গত ১৫ জুন এই মামলার শুনানি শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করলে ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করে, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়। এর বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
একই সাথে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে ওই লিভ টু আপিল মঞ্জুর করেন।
আদালত সেই সময় আসলাম চৌধুরীকে নির্বাচন করার সুযোগ দিলেও, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়লাভ করেন, কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সাথে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
জেএস